আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী

আইপিএলে এবার নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলী। আইপিএল ২০২৭ সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। হেমাং বাদানির জায়গায় দায়িত্ব নেবেন ভারতের সাবেক এই তারকা।

২০১৯ সালে উপদেষ্টা হিসেবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন গাঙ্গুলী। বিসিসিআই সভাপতির দায়িত্ব ছাড়ার পর পুরুষ ও নারী দুই দলেরই ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন গাঙ্গুলী। তার অধীনে দলটি চলতি বছরের শুরুতে টুর্নামেন্টের ফাইনালেও ওঠে।

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলী বলেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার শক্ত একটি সম্পর্ক তৈরি হয়েছে। মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার জন্য খুবই রোমাঞ্চকর।’

দিল্লি ক্যাপিটালসের সামনে গাঙ্গুলীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলটিকে প্রথমবারের মতো আইপিএল শিরোপা এনে দেওয়া। আইপিএলের মূল আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঞ্জাব কিংসের সঙ্গে দিল্লিই একমাত্র দল, যারা এখনো শিরোপার স্বাদ পায়নি।