আফগানদের স্পিন ছাড়াও গরম ও আর্দ্র আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে

আরব আমিরাতে শুক্রবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হচ্ছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে মূল চ্যালেঞ্জ।

এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে ম্যাচ খেলে ফেরা ক্রিকেটারদের নিয়ে আলাদা করে ভাবছেন সিমন্স। বাংলাদেশে ফিরে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। জাপানের তুলনায় আবুধাবির গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত মানিয়ে নেওয়াটা বড় পরীক্ষা।

সিমন্স জানান, কন্ডিশনটাই এখন একমাত্র বিষয়। যারা জাপান থেকে এসেছে, সেখানে খুব বেশি কিছু না করে সরাসরি এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়টি মানসিকও। কীভাবে তারা মানিয়ে নেয়, সেটাই গুরুত্বপূর্ণ। তবে গতকাল তাদের দেখে ভালোই মনে হয়েছে। প্রথম দিন হিসেবে এই গরমে ভালো করেছে। আমি নিশ্চিত, ঠিকভাবে মানিয়ে নিতে পারবে।

একমাত্র টেস্টের উইকেটকে ভালো উল্লেখ করে সিমন্স জানিয়েছেন, আফগানদের একাধিক স্পিনার সামলানোর প্রস্তুতিও নিয়েছে দল। উইকেটে কিছুটা ধীরগতি থাকতে পারে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

সিমন্স বলেন, উইকেট দেখেছি। কিছুটা ধীর হতে পারে, তবে ভালো উইকেটই মনে হচ্ছে। আমরা ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, বেশ কয়েকজন স্পিনারের বিপক্ষে খেলতে হবে। সেসব বিষয় মাথায় রেখেই প্রস্তুতি হয়েছে। ছেলেরা ভালোভাবে কাজ করেছে। এখন আমরা ম্যাচের অপেক্ষায় আছি।