পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রবিবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠেছে তারা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে বড় অবদান রাখেন সাদিয়া ইসলাম। ২৮ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও দুটি ছক্কা।

সাদিয়ার সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন শিরিনা খাতুনও। ৪০ বলে ৩২ রান করেন তিনি। নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। ইনিংসের শেষ দিকে মাত্র ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন সাদিয়া আক্তার।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

পাকিস্তানের হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার রাভাইল ফারহান। ২৬ বলে ৩৬ রান করেন তিনি। আকশা ৩২ বলে ২৩ এবং রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। তবে বড় কোনও জুটি গড়তে না পারায় সফল হয়নি তারা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফরজানা ইয়াসমিন। তিনটি উইকেট নিয়েছেন তিনি। নিশিতা আক্তার নিশি পেয়েছেন দুটি উইকেট। এ ছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসী একটি করে উইকেট নেন।