ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন লিটন দাস। আর টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া হাসান মাহমুদও স্বীকৃতি পেয়েছেন তার। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠেছেন লিটন। তার সঙ্গে একই অব্স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। 

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রান করেছিলেন লিটন। দ্বিতীয় ইনিংসে খেলেন সেঞ্চুরি। তার এই পারফরম্যান্সেই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে একটি ফিফটি করে ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম।

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট শিকার করেন তিনি। তাতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন হাসান। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। 

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে উঠে এসেছেন এবাদত হোসেন।

তবে ম্যাচে একটি উইকেট নেওয়া তাইজুল ইসলামের তিন ধাপ অবনতি হয়েছে। তিনি এখন টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে।