ত্রিদেশীয় সিরিজে শুরুতে ব্যাটিং নিলেও তাসকিন আহমেদের তোপে স্বস্তিতে নেই জিম্বাবুয়ে। শুরুতেই ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন তাসকিন।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। কিন্তু নতুন বলে তাসকিনের দাপটে শুরুতেই চাপে পড়েছে তারা।
ডানহাতি এই পেসার প্রথম সাত ওভারের মধ্যেই তুলে নেন প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটারকে। তাতে ২৪ রানে দলটির স্কোর হয়ে পড়ে ৩ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্কোর ছিল ১২ ওভারে ৩ উইকেটে ৪৫। ব্যাট করছেন টেলর (১৭*) ও আরভিন (৬*)।
ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। তার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ওপেনার ব্রায়ান বেনেট। ছয় বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। পঞ্চম ওভারে আবারও সাফল্য পান তাসকিন। এবার তার শিকার আরেক ওপেনার বেন কারান। ১১ বলে ৬ রান করা এই ব্যাটারও এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।
এরপর উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন বাংলাদেশের এই পেসার। তাসকিনের বলে পুল করতে গিয়ে টপ এজ হন সিগা। সহজ ক্যাচ নেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। আউট হওয়ার আগে ১৫ বলে ১৬ রান করেন সিগা।