ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। মাত্র ২৪ রানে হারিয়েছিল ৩ উইকেট। প্রাথমিক সেই বিপর্যয় সামলে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে ফিরেছে তারা। ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান। আরভিন ব্যাট করছেন ৫১ রানে, টেলর ৭৩ রানে।
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। কিন্তু তাসকিনের তোপে শুরুতেই বিপদে পড়ে তারা। প্রথম সাত ওভারের মধ্যে প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে দেন বাংলাদেশের এই পেসার।
এরপর হাল ধরেন টেলর ও আরভিন। চতুর্থ উইকেটে দুজনের শতরান ছাড়ানো জুটি জিম্বাবুয়েকে বিপর্যয় থেকে টেনে তোলে।