আফগানিস্তানকে হারানো সহজ হবে না, সাম্প্রতিক লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ!

আজ বুধবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তার ওপর প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ওয়ানডে লড়াইয়ে বারবার হোঁচট খাওয়ার অভিজ্ঞতাই হয়েছে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে সমতা থাকলেও শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে আফগানরা। সব কয়টি জয়ই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। 

ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ের চিত্র বাংলাদেশের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। আফগানিস্তানের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারতে হয়েছে।

২০২৪ সালে শারজাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরের বছর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান। সেই সিরিজের একটি ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের স্বাদ নিয়েছিল বাংলাদেশকে। 

২০২৫ সালের ১৪ অক্টোবরের সেই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯৩ রান করেছিল আফগানিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ২০০ রানের সেই পরাজয় বাংলাদেশের জন্য ছিল ভীষণ লজ্জার। 

সেই পরাজয়ের এক বছর ছয় দিন পর আবারও ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এবারের লড়াইটা বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর পাশাপাশি মরুর বুকে আফগানিস্তানের সাম্প্রতিক আধিপত্য ভাঙার চ্যালেঞ্জও।