ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী ও শামীম হোসেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে ভালো করা কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন এই দলে। পাশাপাশি জায়গা হয়েছে বয়সভিত্তিক দলের দুই ক্রিকেটারের।
বৃহস্পতিবার ও শুক্রবার বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে সফরকারী ক্যারিবীয়দের প্রস্তুতির সুযোগ করে দিতেই এই ম্যাচের আয়োজন। আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।
বিসিবি একাদশে স্বীকৃত কোনো স্পিনার রাখা হয়নি। তবে তরুণ পেসারদের জন্য সুযোগ তৈরি হয়েছে। চলমান জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অনিক দেব বর্মন আছেন দলে। ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করা আবদুল হালিমও পেয়েছেন সুযোগ। রংপুরের পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও রয়েছেন এই দলে।
ময়মনসিংহ বিভাগের হয়ে চলতি জাতীয় লিগে দুটি অর্ধশতক ও একটি শতক করা মাহফিজুল ইসলাম রবিনও জায়গা পেয়েছেন। আছেন ওপেনার জিসান আলম। তাদের সঙ্গে ব্যাটিং বিভাগে রয়েছেন কালাম সিদ্দিকী আলিন, ইফতেখার আহমেদ ইফতি, এস এম মেহরব ও আইচ মোল্লা।
বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী আলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, মোহাম্মদ শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন (অনূর্ধ্ব-১৯) ও সান (অনূর্ধ্ব-১৯)।