এক ম্যাচে দুই ভূমিকায় আলো ছড়িয়ে পাকিস্তানের জয়ের নায়ক হয়েছেন ২১ বছর বয়সী আরাফাত মিনহাস। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৯ রান করার পর ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে গড়েছেন বিরল এক কীর্তি।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটে একই ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার আরাফাত। এর আগে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন শহীদ আফ্রিদি (তিনবার), আর সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক (একবার)।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ২৫ বার। এই বিশেষ তালিকায় আরাফাতের সঙ্গে রয়েছেন ভিভ রিচার্ডস, যুবরাজ সিং, ক্রিস গেইল ও সাকিব আল হাসানের মতো তারকারা।
পাকিস্তানের হয়ে মাত্র ১২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন আরাফাত। এটি ছিল তার পঞ্চম ওয়ানডে। মাত্র ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলে পাকিস্তানকে ৯ উইকেটে ৩০২ রানের সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন তিনি। এরপর বাহাতি স্পিনে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন এই তরুণ।
আরাফাতের শিকারদের মধ্যে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং অভিজ্ঞ ক্রিকেটার আদিল রশিদ, উইল জ্যাকস ও জেমি ওভারটন। বোলিংয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে আরাফাত পরে বলেছেন, ‘আমি পরিকল্পনা সহজ রেখেছিলাম। প্রথম ম্যাচে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা ছিল না। উইকেট কিছুটা মন্থর ছিল, যা আমাকে সাহায্য করেছে।’