গতবার শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আবারও এশিয়া কাপ রাইজিং স্টার্সে নামবে বাংলাদেশ ‘এ’ দল। কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।
পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে খেলবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
গত বছর কাতারেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। তবে সেবার টি-টোয়েন্টি সংস্করণে খেলা হলেও এবার টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের ফরম্যাটে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের ‘এ’ দল পাঠাবে। অন্যদিকে, হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত খেলবে তাদের জাতীয় দল নিয়ে।
দোহার দুটি ভেন্যুতে হবে ম্যাচগুলো-ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ড।
১৯ নভেম্বর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।