প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

ঢাকায় প্রথম টেস্টের প্রথম সেশনে দুই উইকেট হারালেও শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম (৪২) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫)। তাদের ব্যাটে বড় সংগ্রহের আশায় বাংলাদেশ। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রান করার জন্য ঐতিহ্যগতভাবে ভালো উইকেটে এই সিদ্ধান্ত ছিল প্রত্যাশিত। কিন্তু সকালের সেশনে তানজিদ হাসান  (৭) ও মুমিনুল হককে (২৮) হারায় স্বাগতিকরা। দুজনই বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন।

ইনিংসের সপ্তম ওভারে প্রথম আঘাত হানেন জেইডেন সিলস। অফ স্টাম্পের বাইরে করা বল খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তানজিদ। 

অন্য প্রান্তে অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন সাদমান। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে হককে নিয়ে যোগ করেন ৫৯ রান। এই জুটিতে বেশি আক্রমণাত্মক ছিলেন সাদমানই। মুমিনুলও ভালোই খেলছিলেন, কিন্তু ২২তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে অপ্রত্যাশিত এক শট খেলে বসেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সোজা মিড-অফে শামার জোসেফের হাতে বল তুলে দেন মুমিনুল। তাতে ২৮ রানে কাটা পড়েন তিনি।

এরপর ক্রিজে এসে দ্রুত রান তুলতে শুরু করেন শান্ত। ২০ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।