আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?

আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে বড় কোনো শঙ্কা দেখছেন না দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আশা করা হচ্ছে, আগামী তিন দিনের মধ্যে সেরে উঠবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৫ নভেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার জন্য বিবেচিত হতে পারবেন মুশফিক।

ঢাকা টেস্ট শুরুর আগের দিন মঙ্গলবার নেট অনুশীলনে তর্জনীতে চোট পান মুশফিক। শুরুতে চোটটি খুব গুরুতর মনে না হলেও পরবর্তী পরীক্ষায় দেখা যায়, তাকে ঝুঁকিতে ফেলে খেলানো ঠিক হবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘গতকাল অনুশীলনের সময় মুশফিকুর রহিমের তর্জনীতে চোট লাগে। এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু আজ সকাল পর্যন্ত তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। আমরা আশাবাদী, আগামী তিন দিনের মধ্যে সে সেরে উঠবে। পরের টেস্টে তাকে পাওয়া যাবে।’

মুশফিকের জায়গায় ঢাকা টেস্টের একাদশে নেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন হৃদয়। চলতি বছরের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে অভিষেক হয়েছিল তার।