নেপালের দর্শকদের ক্রিকেটপ্রেমে মুগ্ধ সাকিব

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে গিয়ে সেখানকার দর্শকদের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। প্রতিটি ম্যাচে গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতি এবং ক্রিকেটের প্রতি তাদের নিবেদন আলাদাভাবে নজর কেড়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের।

নেপালে খেলতে এসে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সাকিব। টুর্নামেন্টের উপস্থাপক ইয়েশা সাগরের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘নেপালে এসে খুব ভালো লাগছে। দর্শকরা খেলায় নিবিড়ভাবে জড়িয়ে আছে। প্রতি ম্যাচেই প্রচুর দর্শক আসছে। এই টুর্নামেন্ট নিয়ে আমি মুখিয়ে আছি।’

মাঠের বাইরের অভিজ্ঞতার পাশাপাশি উইকেট নিয়েও সন্তুষ্ট সাকিব। নিজের দলের ব্যাটিং ও উইকেটের ধরন নিয়ে তিনি বলেন, ‘উইকেট অনেক ভালো ছিল। আমরা আরও ১৫ রান করতে পারলে ভালো হতো। এখানে উইকেট টু উইকেট বল করা খুব জরুরি।’

একইসঙ্গে সতীর্থ অর্জুন ঘারতির ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২৫ বলে ৪০ রান করে অপরাজিত থাকা অর্জুনের ইনিংস নিয়ে সাকিবের মূল্যায়ন, ‘অর্জুন দারুণ ব্যাট করেছে। সময় নিয়ে শেষদিকে চড়াও হয়েছে।’

নেপাল প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে গত রাতে সুদূরপশ্চিম রয়্যালসের মুখোমুখি হয় সাকিবের পোখারা এভেঞ্জার্স। একই দলে খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শেখ মেহেদী হাসানও।

আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৪৫ রান সংগ্রহ করে পোখারা। সাকিবের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৪ রান। ওপেনিংয়ে নেমে শেখ মেহেদী ২১ বলে করেন ৩২ রান। জবাবে ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সুদূর পশ্চিম রয়্যালস।

বল হাতেও অবদান রাখেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ৩১ রান দিয়ে একটি উইকেট নেন মেহেদী। অন্যদিকে সাকিব ২৪ রান খরচায় শিকার করেন একটি উইকেট। তবে তাদের দলকে জেতাতে পারেননি কেউই।