নিউজিল্যান্ড সিরিজে বাদ লাবুশেন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া দলে জায়গা হচ্ছে না মারনাস লাবুশেনের। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন, আসন্ন সিরিজের জন্য বিবেচনায় থাকছেন না এই ব্যাটার।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বেইলি জানান, লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগেভাগেই নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল। এর ফলে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের অধিনায়কত্বে মনোযোগ দিতে পারবেন তিনি। দল নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বা জল্পনা-কল্পনার চাপও থাকবে না তার ওপর।

বুধবার থেকে শুরু হচ্ছে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ড। এই রাউন্ড শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল নির্বাচন করবেন নির্বাচকেরা।

বেইলি বলেন, ‘প্রথম টেস্টের জন্য তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা মার্নাসকে বিবেচনা করছি না। বিষয়টি আজই পরিষ্কার করে দিতে চেয়েছি, কারণ দলে তার জায়গা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হচ্ছে, কিংবা ইতোমধ্যে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এতে সে কিছুটা স্বস্তি পাবে। শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড চলার সময় দল নিয়ে অনিশ্চয়তাও কমবে। চতুর্থ রাউন্ড শেষ হলে বাকি দল নির্বাচন করব আমরা।’

এমনিতেই ছন্দে নেই লাবুশেন। গত মৌসুমের অ্যাশেজে দলে ফেরার পর থেকে ১০ টেস্টে লাবুশেনের ব্যাটিং গড় ছিল ২৩.৬৬। ১৬ ইনিংসে করেছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে।

তবে আগামী বছর ভারত ও ইংল্যান্ড সফরের দলে জায়গা করে নেওয়ার সুযোগ লাবুশেনের সামনে থাকছে বলে ইঙ্গিত দিয়েছেন বেইলি।