সিলেটে দ্বিতীয় টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। ৪০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ভালোভাবেই জবাব দিচ্ছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া হৃদয় এবার ফিফটি তুলে নিয়েছেন। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ডাবল সেঞ্চুরির পরের ইনিংসে ফিফটি পেয়েছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ৭ হাজার রানের মাইফলক পূরণ করা মুশফিক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। হৃদয় ৬২ রানে অপরাজিত আছেন। ২৫ রানে অপরাজিত আছেন মুশফিক। তারা অবিচ্ছিন্ন আছেন ৮৭ রানে।
শুরুতে দুই ব্যাটারের বিদায়ে হতাশ হতে পারে বাংলাদেশ। তানজিদ হাসান (২১) স্লগ করতে গিয়ে উইকেট হারিয়েছেন। আরেক প্রান্তে নাজমুল হোসেন শান্ত (১৪) একটু বেশি ফুল লেংথের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে আউট হয়েছেন।
এর আগে সকালে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে সকালে শুরুতে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন সেঞ্চুরি করা কাভেম হজকে ১৪২ রানে ফিরিয়ে দেন নাঈম হাসান। তার বলে ফাইন লেগে ক্যাচ দেন হজ।
এরপর মাত্র ৯ রান করে আউট হন জাস্টিন গ্রিভস। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন তিনি। এরপর রান তোলার গতি বাড়াতে দুই পিঞ্চ হিটারকে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক শামার জোসেফ বড় শট খেলতে গিয়ে নাঈমের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন।
তবে ব্যাট হাতে ঝড় তোলেন জশুয়া বিশপ। ১১ বলে ২০ রান করেন তিনি, মারেন দুটি ছক্কা ও একটি চার। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।