বল টেম্পারিং কাণ্ডে নতুন বিতর্ক, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়ে ওয়ার্নারের প্রশ্ন

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি নতুন করে আলোচনায়। উসমান খাজার বিস্ফোরক দাবির পক্ষে এবার সরব হলেন ডেভিড ওয়ার্নারও। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তপ্রক্রিয়াকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার।

ওয়ার্নার নেপাল প্রিমিয়ার লিগে খেলতে বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানান তিনি। মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা খাজার আত্মজীবনী সাবর। বইটিতে ২০১৮ সালের কেপটাউন টেস্টের আগে অস্ট্রেলিয়ার আরেকটি টেস্টেও বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগ তুলেছেন খাজা। তার দাবি, যে পরিকল্পনার জন্য শেষ পর্যন্ত কয়েকজন শাস্তি পেয়েছিলেন, সে সম্পর্কে আরও অনেকেই জানতেন।

সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার আরও দাবি করেছেন, পুরো দলকে সম্মিলিতভাবে দায় নেওয়ার আহ্বান তিনি বারবার জানিয়েছিলেন। কিন্তু কী ঘটেছিল, সে সম্পর্কে জানা থাকা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তাকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

নিউল্যান্ডস টেস্টের পর স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে ১২ মাসের নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নার খাজার বক্তব্যকে পুরোপুরি সমর্থন করেছেন।

ওয়ার্নার বলেন, ‘এই বিষয়ে কথা বলিনি আট বছর হয়ে গেছে। উজি, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। তুমি যা করেছ, সে জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক।’

তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার বলেন, খাজাকে জিজ্ঞাসাবাদ না করাটাই তদন্তের যথার্থতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে।

তিনি বলেন, ‘পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটাই ছিল তাড়াহুড়ো করে করা এবং প্রহসনের মতো। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিল। অথচ উজিকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমার কাছে একেবারেই বোধগম্য নয়।’

ওয়ার্নারের মতে, এখন আর ব্যক্তিবিশেষকে দোষারোপ করার বিষয়টি মুখ্য নয়। বরং যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।