সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ

ঢাকায় প্রথম টেস্ট হারের পর সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ। 

সিলেট টেস্টে চা-বিরতির পরপরই তাওহীদ হৃদয়ের প্রতিরোধ ভাঙেন জোমেল ওয়ারিকান। এরপর শামার জোসেফ মুশফিকুর রহিমকে বিদায় দিয়েছেন। শেষ বিকালে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লে আলোর স্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। তার পর দুই দল ড্র মেনে নিলে শেষ হয়ে যায় এই টেস্ট। বাংলাদেশের তখন স্কোর ছিল ৪ উইকেটে ১৮৪ রান। সিলেট টেস্ট ড্র করলেও সিরিজটা ১-০ তে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

হোয়াইটওয়াশ এড়াতে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তার পর মুশফিক-হৃদয় মিলে ১৩৫ রানের জুটিতে দ্বিতীয় সেশন পার করেন। চায়ের বিরতির পরই এই জুটি ভাঙে হৃদয়ের বিদায়ে।  

দৃঢ় ব্যাটিংয়ে ১৪০ বলে ৮২ রান করেছিলেন হৃদয়। তার ইনিংসে ছিল ৮টি চার। বিরতির পর ওয়ারিকানের করা লেগ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলটি সুইপ করতে গিয়েছিলেন তিনি। তবে বলটি ঘুরে লেগ স্টাম্পে আঘাত করে, পড়ে যায় বেল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে উদযাপনে মাতলেও শুরুতে নিজের আউট হওয়া নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন হৃদয়। পরে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত নিশ্চিত করলে শেষ হয় তার লড়াকু ইনিংস। প্রথম ইনিংসে ২৪২ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রানের সুবাদে ম্যাচসেরা হয়েছেন তিনি। 

এই উইকেটটি ওয়ারিকানের জন্যও বিশেষ মাইলফলক। টেস্ট ক্রিকেটে এটি তার ১০০তম উইকেট। এরপর শামার জোসেফ ফিরিয়েছেন মুশফিকুর রহিমকে। ১২৩ বল খেলে ছয়টি চারে ৪৯ রান করেন মুশফিক। জোসেফের করা লেংথ বলটি ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন। তার ব্যাটের বাইরের দিক দিয়ে বেরিয়ে বল আঘাত করে অফ স্টাম্পে।

এর আগে তৃতীয় উইকেটে হৃদয় ও মুশফিকের জুটি বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছিল। দুপুরের সেশনে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন দুজন। লাঞ্চের পর ৪৯ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে ৩৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করেন তারা।

দুই ব্যাটারের বিদায়ের পর লিটন দাস (৭) ও মেহেদী হাসান মিরাজ (১) ক্রিজে ছিলেন। 

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান। মোট ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরা তিনি। ৩১ রানে একটি নেন শামার জোসেফ।