২০০০ সালের ১০ নভেম্বর। ভারতের বিপক্ষে মাঠে নেমে নতুন এক ইতিহাসের দরজা খুলেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেট তখন পা রাখে টেস্টের অভিজাত আঙিনায়। সেই ঐতিহাসিক ম্যাচে লাল-সবুজের জার্সিতে খেলেছিলেন ১১ ক্রিকেটার। তাদের কেউ এখনো ক্রিকেটের সঙ্গেই আছেন, কেউ ব্যস্ত ব্যবসায়, কেউ বেছে নিয়েছেন ভিন্ন পেশা। কেউ আবার দেশের বাইরে থিতু হয়েছেন। সময়ের স্রোতে বদলে গেছে তাদের জীবন, তবে বাংলাদেশের প্রথম টেস্টের একাদশে থাকার স্মৃতি তাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। ২৬ বছর পর সেই ১১ ক্রিকেটার এখন কে কোথায়, কী করছেন?
বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলেছেন এই ওপেনার। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১২ এবং দ্বিতীয় ইনিংসে ৭ রান করেছিলেন। ওয়ানডে খেলেছেন ২০টি।
বর্তমানে পারিবারিক ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন। নারায়ণগঞ্জের ক্রিকেটের সঙ্গেও পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছেন তিনি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন। দেশের প্রথম টেস্টে শাহরিয়ার হোসেনের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছিলেন তিনি। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৪ ও ২।
বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলার পর অবসরে যান মেহরাব। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তার যোগদান নিয়ে গুজব রটে চলতি বছর। যদিও পরে সেসব গুজব বলে উড়িয়ে দেন তিনি।
বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রানের দারুণ ইনিংস খেলেছিলেন হাবিবুল বাশার। দ্বিতীয় ইনিংসেও ৩০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন হাবিবুল। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলার পর অবসরে গিয়ে বিসিবির সঙ্গে যুক্ত থাকেন তিনি।
কিছুদিন বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রথম টেস্টেই সেঞ্চুরি করা বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন তিনি।
১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডের ক্যারিয়ার শেষে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন আমিনুল। সেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হয়ে কাজ করেছেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি। তবে নির্বাচনে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগে চলতি বছরের এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গেই স্থায়ীভাবে রয়েছেন তিনি।
বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৫ এবং দ্বিতীয় ইনিংসে ২ রান করেছিলেন আকরাম খান।
আটটি টেস্ট ও ৪৪টি ওয়ানডের ক্যারিয়ার শেষে দীর্ঘদিন বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন সাবেক এই অধিনায়ক। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। পরে নাজমুল হাসান পাপনের সময়ে বিসিবির পরিচালকও হয়েছিলেন। বর্তমানে নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি।
বাংলাদেশের হয়ে মোট ১৫টি টেস্ট খেলেছেন আল সাহারিয়ার। চারটি অর্ধশতক করলেও কখনো তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দেশের প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১২ ও ৬।
অবসরের পর তিনি পরিবার নিয়ে নিউজিল্যান্ডের নেপিয়ারে স্থায়ী হয়েছেন। সেখানে কিছুটা কোচিংয়েও সম্পৃক্ত তিনি।
বাংলাদেশের প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পাশাপাশি ম্যাচটিতে ছয়টি উইকেট নিয়েছিলেন নাঈমুর রহমান। সব মিলিয়ে খেলেছেন আটটি টেস্ট ও ২৯টি ওয়ানডে। নাজমুল হাসান পাপনের সময়ে দীর্ঘদিন বিসিবির পরিচালক ছিলেন, নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।
মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাঈমুর। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। দুর্নীতির একটি মামলায় গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩২ রান করেছিলেন খালেদ মাসুদ। দ্বিতীয় ইনিংসে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। খেলেছেন ৪৪টি টেস্ট ও ১২৬টি ওয়ানডে।
বর্তমানে নিজের ক্রিকেট একাডেমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত খালেদ মাসুদ। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই অধিনায়ক। এখন বেশির ভাগ সময় রাজশাহীতেই দিন কাটে তার। মাঝে ফেসবুকে নিজের বাগান নিয়ে পোস্ট করে থাকেন।
বাংলাদেশের প্রথম টেস্টে তিনটি উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক। দেশের হয়ে ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ক্রিকেট থেকে অবসরের পর বেশির ভাগ সময় কেরানীগঞ্জে নিজের ব্যবসা দেখাশোনা করে কাটিয়েছেন। পাশাপাশি ছিলেন কোচিংয়েও। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
দীর্ঘদিন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন হাসিবুল হোসেন শান্ত। তবে দেশের প্রথম টেস্টে মাত্র একটি উইকেট পেয়েছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট ও ৩২টি ওয়ানডে খেলার পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন হাসিবুল। বর্তমানে নারী জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করছেন তিনি।
ক্যারিয়ারে পেসার ছিলেন এক সময়। টেস্ট খেলার সময় বিকাশ রঞ্জন দাস নামেই খেলেছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণের পর নাম পরিবর্তন করে মাহমুদুল হাসান রাখেন। বাংলাদেশের প্রথম টেস্টই ছিল তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ। কখনো ওয়ানডে খেলার সুযোগ পাননি তিনি।
বহু বছর ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন মাহমুদুল। বর্তমানে বেসরকারী একটি ব্যাংকে কর্মরত রয়েছেন।
২০২০ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারত বনাম বাংলাদেশের দিবা-রাত্রির টেস্ট দেখার জন্য তৎকালীন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন।