গাড়ি পেয়েছেন বৈভব, কিন্তু চালানোর লাইসেন্স পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়!

আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে একের পর এক আলোচনায় এসেছেন বৈভব সূর্যবংশী। এবার পুরস্কার হিসেবে পেয়েছেন নতুন গাড়ি। তবে ১৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার ইচ্ছে থাকলেও এখনই গাড়ির স্টিয়ারিংয়ে বসতে পারছেন না। কারণ, গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার বয়স এখনো হয়নি তার।

২০২৬ সালের আইপিএলে ‘সুপার স্ট্রাইকার’ নির্বাচিত হওয়ায় বৈভবকে উপহার দেওয়া হয়েছে একটি টাটা সিয়েরা। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতেছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। এর আগে ২০২৫ সালেও একই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

নতুন গাড়ি পাওয়ার পর কয়েক মাস আগে রাজস্থান রয়্যালসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর কথোপকথন আবার আলোচনায় এসেছে। সেখানে গাড়ি চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে বৈভবকে দেখা যায় ক্রিকেট মাঠে রিমোট কন্ট্রোলের খেলনা গাড়ি চালাতে।

এরপর সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চান, নতুন টাটা সিয়েরা কীভাবে চালাবেন তিনি? বৈভবের উত্তর ছিল, ‘আমি তিন বছর গাড়িটি রেখে দেব। লাইসেন্স পাওয়ার পর চালাব।’ তত দিন যে গাড়ির চালকের আসনে থাকবেন তার বাবা, সেটাও জানিয়ে দেন তিনি। 

ভারতে আইন অনুযায়ী গাড়ি চালানোর ন্যূনতম বয়স ১৮ বছর। ফলে পূর্ণাঙ্গ গাড়ি নিয়ে রাস্তায় নামতে বৈভবকে আরও অপেক্ষা করতে হবে। নতুন গাড়ি উপহার পাওয়ার পর তার পুরোনো সেই মন্তব্য আবারও সবার নজর কেড়েছে।

এদিকে গাড়ি পাওয়ার পাশাপাশি ক্রিকেটেও নতুন দায়িত্ব পেয়েছেন বৈভব। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলের অধিনায়ক করা হয়েছে তাকে।