‘ভেবেছিলাম ব্রায়ান লারাকে মেরেই ফেলেছি!’

ক্রিকেট মাঠে গতির ঝড় তুলে ব্যাটারদের ভীত করে রাখতেন শোয়েব আখতার। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই সাবেক পাকিস্তানি পেসারকে সামলানো ছিল ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে ক্যারিয়ারে এমন দুটি ঘটনা ঘটেছিল; যা ভয় পাইয়ে দিয়েছিল স্বয়ং শোয়েবকেও। সেই দুটি ঘটনার কেন্দ্রে ছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার।

সম্প্রতি উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ’-এ অতিথি হয়ে ক্যারিয়ারের সেই স্মৃতি তুলে ধরেছেন শোয়েব আখতার। বিশেষ করে ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ব্রায়ান লারাকে বাউন্সারে আঘাত করার পর নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি খেলছিল পাকিস্তান। আগে ব্যাট করে মাত্র ১৩১ রান করেছিল দলটি। ম্যাচের একপর্যায়ে শোয়েবের বলে বাউন্ডারি মারেন লারা। পরের বলেই বাউন্সার করেন পাকিস্তানি পেসার। বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ে আঘাত করলে মাটিতে পড়ে যান ক্যারিবীয় কিংবদন্তি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। নেওয়া হয়েছিল হাসপাতালে।

সেই মুহূর্তের স্মৃতিচারণা করে শোয়েব বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ— বিশ্বের যেকোনও ড্রেসিংরুমেই খেলোয়াড়েরা বলতো, ভাই, আমাদের মেরে ফেলো না। সর্বকালের অন্যতম সেরা এক ব্যাটার বলেছিলেন, তোমার বলে আঘাত পাওয়ার পর আমার আর কখনোই ব্যাট হাতে নামতে ইচ্ছে করেনি।’

লারাকে নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘আমি ব্রায়ান লারার কথাই বলছি। ও আমাকে চার মারার পর আমি মুখ ঢেকে বলছিলাম, না, না, না, তুমি একটা দানবকে জাগিয়ে তুলেছ! আমি জানতাম আমি অপ্রতিরোধ্য, তাই ওকে আঘাত করতে চেয়েছিলাম। কিন্তু যেই মুহূর্তে বলটা ওর গায়ে লাগলো, আমার মনে হলো আমি ওকে মেরেই ফেলেছি!’

শুধু লারা নন, শচীন টেন্ডুলকারকেও আঘাত করার পর ভীষণ ভয় পেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই পেসার। শোয়েবের ভাষায়, জীবনে আর কোনও কিছুতে ভয় না পেলেও এই দুটি ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল।

তিনি বলেন, আমি জীবনে আর কোনও কিছুতেই ভয় পাইনি। কিন্তু শচীন ও লারাকে যখন আঘাত করেছিলাম, সেই দুটি মুহূর্তে ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ আমি জানতাম বলের গতি কতটা ভয়ংকর ছিল। আল্লাহ না করুন, তাদের যদি মৃত্যু হতো, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তেমন কিছু ঘটেনি।’