আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি

জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। এ অপরাধে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২ দশমিক ৮ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন হৃদয়। এই অনুচ্ছেদ মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

ঘটনাটি ঘটে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর দিনের শেষ দিকে আউট হন হৃদয়। তার আগে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে বিপর্যস্ত বাংলাদেশকে লড়াইয়ে ফেরান এই ব্যাটার।

আউট হওয়ার পর আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন হৃদয়। নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

গত ২৪ মাসে এটি হৃদয়ের প্রথম অপরাধ। এ কারণে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। তবে এখনই নিষেধাজ্ঞার কোনও শঙ্কা নেই।

আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়েন।