পর পর দুটি বড় টুর্নামেন্টে রানখরায় ভুগেছেন মুশফিক। ঘরের মাঠে এশিয়া কাপের পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তার ব্যাট। যেকোনও পর্যায়ের ক্রিকেটে ১৬ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর সেঞ্চুরিতো দূরে থাক হাফসেঞ্চুরির দেখা পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ইনিংসে মুশফিক রান করেন ৪৫। যার মধ্যে সর্বোচ্চ ১৫*!
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান ২১ রানেই ২ উইকেট হারানোর পর চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন মুশফিক। সেখান থেকে তৃতীয় উইকেটে শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন তিনি।
বাঁহাতি স্পিনার আসিফ হাসানের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ধরা পড়ার আগে ৭২ রানের কার্যকরী ইনিংস খেলেন মুশফিক। উল্লেখ্য, ২১০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ৫৭০০ রান। ৬টি সেঞ্চুরির পাশাপাশি ৩৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৪৫ রান।
/আরআই/এমআর/