শেষবারের মতো সুযোগ চান সালাহউদ্দীন

কাজী সালাহউদ্দীন প্যানেলজেলা ও বিভাগীয় ফুটবল সংগঠক এবং ঢাকা কেন্দ্রীক ফুটবল সংগঠকদের নিয়ে গঠিত হয়েছে বাফুফে নির্বাচনের কাজী সালাহউদ্দীনের সম্মিলিত প্যানেল। কাল শনিবার র‌্যাডিসন ব্লু হোটেলে তৃতীয় ও সর্বশেষ বারের মতো বাফুফে সভাপতি পদে নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাহউদ্দীন।
যার প্যানেলের ১৫টি সদস্য পদের সাতটিতে মনোনীত করা হয়েছে ঢাকার বাইরের প্রতিনিধিদের। বাকি আটটি পদে আছেন ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। ২০১২ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে কাজী সালাহউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আরেক সভাপতি পদপ্রার্থী আবদুর রহিম স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করলে ফিফা পর্যবেক্ষক মণিলাল ফার্নান্ডো সালাহউদ্দীনকে নির্বাচিত ঘোষণা করেন। ২০০৮ সালের নির্বাচনে কাজী সালাহউদ্দীন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীকে ৬২-৪৯ ভোটে পরাজিত করেন।
এ প্যানেলের সহ-সভাপতি পদে লড়ছেন কাজী নাবিল আহমেদ, বাদল রায়, আলহাজ্ব শামসুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি। এদের মাঝে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কর্ণধার মহিউদ্দিন আহমদে মহি ছাড়া সবাই ছিলেন বিগত কার্যনির্বাহী কমিটির সদস্য। যশোর-৩ এর সংসদ সদস্য কাজী নাবিল ও সাবেক জাতীয় ফুটবলার বাদল রায় দুজনেই সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন বিগত চারটি বছর। চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী ছিলেন কার্য-নির্বাহী কমিটির সদস্য; এবার তিনি লড়ছেন সহ-সভাপতি পদে।
সদস্য পদে নির্বাচন করছেন বাংলাদেশ ফুটবলের চলমান সাক্ষী; একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক জাতীয় ফুটবলার সত্যজিৎ দাশ রূপু, মো. ইলিয়াছ হোসেন, আরিফ হোসেন মুন ও অমিত খান শুভ্র।

তৃণমূল পর্যায় থেকে আছেন বরিশালের আলমগীর খান আলো, চাঁপাইনবাবগঞ্জের তৌফিকুল ইসলাম তোফা, সিলেটের মাহিউদ্দিন আহমেদ সেলিম, বাগেরহাটের জাকির আহমেদ চৌধুরী, প্রবীণ ফুটবল সংগঠক আব্দুর রহিম ও বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

উল্লেখ্য, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদী এ প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী হিসেবে দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করাতে সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্মিলিত প্যানেলের প্রার্থীরা

সভাপতি: কাজী সালাহউদ্দীন

সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, বাদল রায়, আলহাজ্ব শামসুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি

সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, মো. ফজলুর রহমান বাবুল, মো. ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মাহি উদ্দিন আহমদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা

/আরএম/এফআইআর/