বেল-নাভাসকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

nonameমৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ফর্মের তুঙ্গে থাকা রিয়াল এখন স্বপ্ন দেখছে ডাবল জয়ের। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা শীর্ষে থাকলেও মাত্র এক পয়েন্ট পিছিয়ে রিয়াল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে ইনজুরিতে পড়েছেন দলের দুই প্রধান খেলোয়াড় গ্যারেথ বেল ও গোলকিপার কেইলর নাভাস। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের ম্যাচেই ইনজুরি আক্রান্ত হন দু’জন। বেল হাঁটুর সমস্যায় ও গোলরক্ষক নাভাস অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগছেন।

আগামী রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল। ওই ম্যাচে এই দুজনকে ছাড়া মাঠে নামতে হতে পারে রিয়ালকে।

তবে বেল না থাকায় সবচেয়ে বেশি চিন্তায় জিনেদিন জিদান। সম্প্রতি রিয়াল সোসিয়েদাদ ও রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ জেতানো গোল করেন বেল। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠার নেপথ্য নায়কও ছিলেন ওয়েলস উইঙ্গার।

তবে স্বস্তির ব্যাপার হলো অনুশীলনে ফিরেছেন চোটের কারণে সিটির বিপক্ষে ম্যাচে না খেলা ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসিমিরো ও ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

/এমআর/