এবার চট্টগ্রাম আবাহনীর টার্গেট প্রিমিয়ার লিগ

'ভাগ্য সাহসীদের পক্ষে যায়'-স্বাধীনতা কাপ ফুটবল শিরোপা জেতার পর এমনটাই বোঝাতে চাইলেন চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জাহিদ হোসেন। মামলার গ্যাড়াকলে পড়ে দলের গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলারকে ছাড়া টুর্নামেন্ট খেলতে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত যে শিরোপা জয় করবেন এমনটি ভাবেননি জাহিদ নিজেও। তবে এখানেই থেমে যেতে চায় না চট্টগ্রাম আবাহনী। এবার তাদের টার্গেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

1

চারদিকে আনন্দ-উদযাপনের মধ্যে জাহিদদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেন চট্টগ্রাম আবহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন। তাৎক্ষণিকভাবে তিনি দশ লাখ টাকা বোনাস ঘোষণা করেন দলের জন্য।

জাহিদ বলেন, 'আমরা খেলবো নাকি খেলবো না, তা নিয়েই সন্দেহ ছিল। মামুনুল, নাসিরউদ্দিন, সোহেল রানা, রায়হান ও ইয়ামিন মুন্নাকে ছাড়া খেলতে নামার পেছনে কাজ করেছে টিম স্পিরিট। আমরা বিশ্বাস করেছি আমরা পারবো আর শেষ পর্যন্ত তা করেই দেখিয়েছি আমরা।'

চট্টগ্রাম আাবহনীর স্লোভাকিয়ান কোচ জোসেপ পাভলিক বলেন, 'এটি একটি বিশাল অর্জন, চমৎকার খেলেছে আমার খেলোয়াড়রা, আমি আমার দলকে প্রস্তুত করছি সামনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য, সে পথের যাত্রায় এ শিরোপা অবশ্যই প্রেরণা যোগাবে। আর আমাদের বাকি পাঁচ খেলোয়াড় ফেরত আসলে আমরা প্রস্তুত হবো আগামির চ্যালেঞ্জ নেওয়ার জন্য, লিগ শিরোপা এখন লক্ষ্য আমাদের।'

আবাহনী কোচ অমলেশ সেন বলেন, 'বাজে ডিফেন্সের জন্য হেরেছি। ডিফেন্ডাররা প্রত্যেকেই ভুল করেছে, অফসাইড ফাঁদ তৈরি করতে গিয়ে ভুল করেছে। ম্যান মার্ক করতে পারেনি। দুটো গোল হজম করার পর ফিরে আসাটা প্রায় অসম্ভব। আমরা পারিনি।

/আরএম/এমআর/