এই ম্যাচে মূল ভূমিকা ছিল জেমি ভার্ডির। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই জোড়া গোল করেছেন তিনি। দলের অন্য গোলটি করেন অ্যান্ডি কিং।
এমনিতেই লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ছিল উৎসবের আমেজ। কারণ ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা উদযাপনের অপেক্ষায় ছিল লেস্টার।
এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ভার্ডি পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন ভার্ডি। অ্যান্ডি কিংয়ের উঁচু করে বাড়ানো বলে গোলটি করেন ইংলিশ এই স্ট্রাইকার।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিং। মাহরেজের পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ওয়েলসের এই মিডফিল্ডার।
তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল এভারটন। কিন্তু সেনেগালের মিডফিল্ডার ওমার নিয়াসির চিপ শট হেড করে ফেরান গোলরক্ষক কাসপের স্মাইকেল। ৫৯ মিনিটে ফের লেস্টারকে বাঁচান স্মাইকেল। ছয় গজ বক্সের মধ্যে থেকে রোমেলু লুকাকুর শট প্রতিহত করেন তিনি।
আর এর পাঁচ মিনিট পরেই ভার্ডিকে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের ম্যাথিউ পেনিংটন ফাউল করলে পেনাল্টি পায় লেস্টার। এরপর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ভার্ডি।
শেষ দিকে ৮৭ মিনিটে ব্যবধান কমায় এভারটন। একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন মিরালাস।
উল্লেখ্য, এরমধ্য দিয়ে শীর্ষ কোনও আসরের শিরোপা জেতার স্বাদ নিলেন লেস্টার কোচ ক্লদিও রানিয়েরি।
/এফআইআর/