এবারের মৌসুমে ইতালিয়ান ঘরোয়া লিগে ৩৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬ গোল। যার মধ্য দিয়ে ৬৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন। এক মৌসুমে ইতালিয়ান সিরি 'আ'র সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন এই ফুটবলার। ১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করে এই রেকর্ডটিকে এতো দিন নিজের দখলে রেখেছিলেন এসি মিলানের গুনার নোর্দাল।
শনিবার রাতে ফ্রোজিনোনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মৌসুম শেষ করেছে নাপোলি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন হিগুয়েন। ম্যাচের ৫২, ৬২ ও ৭১ মিনিটে তিনবার ফ্রোজিনোনের জাল কাঁপান ২৮ বছর এই তারকা।
হিগুয়েন বলেন, 'আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি রেকর্ডটি নিজের করে নেব। সেটা পেরেছি। এই রেকর্ড গড়তে পারায় আমি গর্বিত। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমরা উদযাপন করতেই পারি যে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলতে পারব।'
৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি’আয় তালিকায় নাপোলির অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা চ্যাম্পিয়ন জুভেন্টাসের সংগ্রহ ৯১ পয়েন্ট।
/এমআর/