ডি ক্রুইফের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, 'প্রত্যাশাটা একটাই, তাজিকিস্তানের বিপক্ষে জিততে হবে। কিন্তু আমি জানি এটা কঠিন কাজ। শুনলাম টিমের অবস্থা কিছুটা খারাপ। ওই ঘাটতি কিভাবে দূর করা যায়, এসব নিয়েই কথা হয়েছে। কোচের চাওয়া ছিল একটা প্রস্তুতি ম্যাচ। ওটা তিনি আরব আমিরাতে খেলতে চাইছেন। কিন্তু বললেই তো আর হয় না। চেষ্টা চলছে, দেখা যাক কী হয়।'
ডি ক্রুইফের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির ব্যাপরে বাফুফে সভাপতি বলেন, ' তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে আমরা আলোচনা করব। সিদ্ধান্ত নেব জুনের ৯-১০ তারিখে।'
জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ সালাউদ্দিনের সঙ্গে আলোচনাকে ইতিবাচক মনে করছেন। তিনি বলেন, 'দলের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে দলের যে অবস্থা, তাতে ড্র হলেও আমি খুশি। তবে হোম ম্যাচে আমরা জয়ের জন্য লড়বো। আমি প্রফেশনাল এবং সবসময় জিততে চাই। স্ত্রী'র সঙ্গে দাবা খেলার সময়ও জিততে চাই। তাজিকিস্তানের বিপক্ষে খেলার আগে আমি শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। সেটা না হলেও আমরা আমাদের মতো চেষ্টা করব। ১ জুন ট্রেনিং করবো তাজিকিস্তানে।'
ফিফা ডেভলপমেন্ট অফিসার সাজি প্রভাকরণের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, 'আপনারা জানেন দুই দিন আগে ফিফার লোক এসেছিল। আবার আগস্টে আসবে। বিগত চার বছর আর সামনের চার বছর এক হবে না, এটা আমি জোর দিয়েই বলছি। গত চার বছরে ফুটবল একটা জায়গায় আসছে। পরবর্তী চার বছরে কিছু করতে হলে আমাদের আরও পেশাদার হতে হবে, আমি চাই সুদৃঢ় একটা কাঠামো।'
ইতোমধ্যে বাফুফেকে ঢেলে সাজনো শুরু করেছেন বাফুফে সভাপতি। সালাউদ্দিন বলেন, 'আজ আমি যেটা করেছি, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিটি, পেশাদার লিগ, ইন্টারনাল অডিট আর ন্যাশনাল টিমস কমিটি। এই চারটা ছাড়া বাকি কমিটি নিষ্ক্রিয় করেছি। আগামী ১০ দিনের মধ্যে বাকি কমিটিগুলো ঠিক করা হবে।'
/আরএম/এমআর/