মেসির অনুপস্থিতিতে কর ফাঁকির মামলার বিচার শুরু

মেসিলিওনেল মেসির অনুপস্থিতিতেই মঙ্গলবার স্পেনের একটি আদালতে শুরু হয়েছে তার কর ফাঁকির মামলার শুনানি। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ঠিক কয়েকদিন আগে শুরু হল মামলাটির কার্যক্রম!
নকল কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছবি স্বত্ব থেকে আয় করা ৪.১৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২৮ বছর বয়সী মেসি এবং তার পিতা জর্জ হোরাসিও মেসিকে আগেই অভিযুক্ত করেন আদালত।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে বৃহস্পতিবারই স্ব-শরীরে হাজির হতে পারেন মেসি ও তার পিতা। তবে আগে থেকেই শুনানিতে উপস্থিত থাকার জন্য আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় ফেরার কথা ছিল ৫বারের বিশ্বসেরা এই ফুটবলারের। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে হুন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়ায় মেসি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন বলে শুনানিতে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী জাভিয়ার সানচেজ-ভিরা।

স্পেনের আইন অনুযায়ী এই বিচারে দোষী সাব্যস্ত হলে মেসি ও তার পিতাকে কমপক্ষে সাড়ে ২২ মাস জেল খাটতে হবে। সেই সঙ্গে যে পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ থাকবে সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। তবে এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো অপরাধ করলে শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়ার উদাহরণ রয়েছে স্প্যানিশ আদালতে।

/এফআইআর/