তাজিকিস্তানের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ

9591486d-5c92-4a35-a1f7-a82a019caacaগত বছর বিশ্বকাপ বাছাই পর্বে দুইবার মুখোমুখি হওয়ার পর আবারও তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে কাল তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ।

গত নভেম্বরে অ্যাওয়ে ম্যাচে তৎকালীন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের অধীনে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়া আর প্রতিকূল আবহাওয়া ভুলে যাননি মামুনুল ইসলামরা। তবে এবার কন্ডিশন ভিন্ন। দুশানবেতে এখনকার আবহাওয়া অনেকটাই নাতিশীতোষ্ণ। আর এবারের লাল সবুজের দলটিও বেশ উজ্জীবিত।

বাংলাদেশ দলের ডাচ কোচ ডি ক্রুইফ বলেন, ‘ম্যাচকে সামনে রেখে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। ফুটবলাররা বেশ উজ্জীবিত এই আবহাওয়ায়। কিছুদিনের জন্য আমি দলের সঙ্গে ছিলাম না। তবে আবার ফিরে এসেছি। বাংলাদেশের ফুটবলে কিছু পরিবর্তন আনতে চেষ্টা করছি। এবার তাজিকিস্তানে ভালো মানের ফুটবলার সঙ্গে নিয়ে এসেছি। ফলাফল কী হলো তা দেখার বিষয় নয়। আমরা পজিটিভ ফুটবল খেলতে চাই। আমি আশা করছি, ছেলেরা ভালো কিছুই করে দেখাবে।'

তিনি আরও বলেন, 'তাজিকিস্তান অনেক শক্তিশালী কারণ তাদের ফুটবলারদের স্কিল ভালো। ওদের ফুটবলাররা রাশিয়ান লিগে খেলে থাকে। তবে আমরাও কম যাই না। ম্যাচের শেষ পর্যন্ত দেখতে চাই। লড়াই করতে প্রস্তুত আমার ফুটবলাররা।'

অধিনায়ক মামুনুল ইসলামও আশাবাদী। তিনি বলেন, 'আমাদের দলটি ভালো পজিশনে আছে। দীর্ঘদিন আমরা এক সঙ্গে কাজ করেছি। এখন লড়াই করতে প্রস্তুত। অ্যাওয়ে ম্যাচ সবসময়ই সফরকারীদের জন্য কঠিন। যার প্রমান গত দু’বারের দেখা। প্রথমবার ঢাকায় সফরকারী তাজিকিস্তান হারতে হারতে ড্র করেছিল আমাদের সঙ্গে। দ্বিতীয়বার আমরা তাজিকিস্তানে এসে ০-৫ গোলে হেরেছিলাম। যদিও ওই ম্যাচের পরিবেশ অনেক ঠাণ্ডা ছিল বৃষ্টির কারণে। তবে এই সময়ে আবহাওয়া খুব ভালো। আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবো।'
/আরএম/এমআর/