চিলির বিপক্ষে মেসির বদলে খেলবেন গাইতান!

অনুশীলনে মেসিআগামীকাল মঙ্গলবার চিলির বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। তবে নিজেদের প্রথম ম্যাচে সম্ভবত দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আলবেসিলেস্তদের। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেতে পারেন বেনিফিকায় খেলা স্ট্রাইকার নিকোলাস গাইতান।

গত সপ্তাহেই হন্ডুরাসের সঙ্গে ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন মেসি। এরপর বার্সেলোনায় উড়ে গিয়ে কর ফাঁকির মামলায় হাজিরা দিয়ে ফের যুক্তরাষ্ট্রে ফিরেছেন। এখনও চোট সারেনি পুরোপুরি। ফলে আপাতত তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।

তিনি জানান, যদি মেসি ফিট থাকেন তবে তাকে খেলানো হবে। তা না হলে বিকল্প চিন্তা করতেই হবে। গাইতানকে নিয়ে মার্টিনো বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ও মেসির মতো খেলবে, সেটা তো আমি আশা করা যায় না। তবে আমি চাই ও নিজের সেরার চেয়েও একটু বেশি কিছুই দিক। এই মুহূর্তে সে খুব ভালো অবস্থায় আছে। তার গতি আছে, পাসিং ভালো, ড্রিবলও করে। পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়ই বলা যায় ওকে।’

গতবার কোপার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল চিলি। এবার কি তবে প্রতিশোধের পালা? মার্টিনো অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না। তিনি বলেন, ‘গত মার্চের ম্যাচের সময়ও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। গতবারের ফাইনাল হয়েছিল এক বছর আগে। চিলি সেটি পেনাল্টিতে জিতেছিল। ফাইনাল হলেও এখানে আসলে প্রতিশোধের প্রশ্ন আসবে না। এটা শুধু আমাদের জন্য নতুন একটা সুযোগ।'

/এমআর/