হ্যাটট্রিক শিরোপা মিশনটা ভেস্তে যেতে বসেছিল গত দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। যদিও শেষ মুহূর্তে জেরার্ড পিকের গোলে স্বস্তির জয় পেয়েছে স্প্যানিশরা। সোমবার সন্ধ্যায় তুলুজের মিউনিসিপাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে খেলার ৮৬ মিনিট পর্যন্ত গোল পায়নি স্পেন। অবশেষে ৮৭ মিনিটে বার্সা সতীর্থ ইনিয়েস্তার পাস থেকে গোল করে স্পেনকে জয় এনে দেন জেরার্ড পিকে।
এদিন দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডে গিয়া ও চেক রিপাবলিকের গোলরক্ষক পিওতর চেক। নাহলে স্কোরবোর্ড অন্যরকম হতেও পারতো।
খেলা শুরুর ১৫ মিনিটে আলভেরো মোরাতার দারুণ একটি প্রচেষ্টা রুখে দেন আর্সেনালে খেলা চেক রিপাবলিকের গোলরক্ষক পিওতর চেক। নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেন তিনি। ২৯ মিনিটে আবারও দলকে বিপদ থেকে উদ্ধার করে পিওতর। মোরাতার দিকে দারুণ এক পাসে বল বাড়ান আন্দ্রেস ইনিয়েস্তা। গোলপোস্টের এক কোনায় নেওয়া মোরাতার শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পিওতর চেক।
খেলার ৪৫ মিনিটে প্রথমবারের মতো স্প্যানিশ গোলরক্ষক ডে গিয়ার পরীক্ষা নেয় চেক রিপাবলিক। পেনাল্টি এরিয়া থেকে শট নিয়েছিলেন চেক রিপাবলিকের ফরোয়ার্ড টমাস নেসিড। কিন্তু সেটি রুখে দেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা গোলরক্ষক ডে গিয়া। খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
৫৬ মিনিটে আবারও স্পেনকে বাঁচিয়ে দেন ডে গিয়া। ডেভিড ক্রেজচির ফ্রি কিক থেকে বক্সের ভেতরে বল পেয়েছিলেন রিপাবলিকের রোমান হুবনিক। আলতো ছোঁয়ায় গোলপোস্টের কোনায় বল ঠেলে দিয়েছিলেন তিনি। তবে ঝাঁপিয়ে পড়ে স্পেনকে বিপদপমুক্ত ডেভিড ডে গিয়া।
৬৪ মিনিটে আবারও স্পেনকে চেপে ধরে চেক রিপাবলিক। নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়ে দেন সেস্ক ফ্যাব্রেগাস। গ্যাব্রে সেলাসিসের একটি শট গোললাইনের ওপর থেকে ফিরিয়ে দেন তিনি।
শেষ ২০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ওপর দারুণ চাপ সৃষ্টি করে স্পেন। তবে একমাত্র গোল ছাড়া আর সবই করেছেন ইনিয়েস্তা-নলিতো-সিলভা-বুসকেটসরা। অবশেষে ৮৭ মিনিটে গোলের দেখা পায় স্পেন। দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন বার্সায় খেলা জেরার্ড পিকে। বক্সের ভেতর বার্সা সতীর্থ ইনিয়েস্তার দারুণ এক পাস থেকে পিওতর চেককে পরাস্ত করে গোলটি করেন জেরার্ড পিকে। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে ইউরোতে শুভসূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।
/এমআর/