রোনালদোর পর্তুগালকে রুখে দিয়েছে আইসল্যান্ড

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ড। মঙ্গলবার রাতে নবাগত দলটি পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। এদিন পর্তুগালের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সাবেক তারকা লুইস ফিগোর রেকর্ড স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। দুজনই দেশের হয়ে ১২৭টি করে ম্যাচ খেলেছেন।

মঙ্গলবার রাতের প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে দেন নানি। দ্বিতীয়ার্ধে গোলটি পরিশোধ করে ১ পয়েন্ট নিশ্চিত করে ম্যাচের অঘোষিত নায়ক বনে যান আইসল্যান্ডের বিরকির বজারসন। ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় হাঙ্গেরি।000_BW178

ম্যাচের শুরুতেই পর্তুগিজদের চমকে দিতে বসেছিল আইসল্যান্ড। চতুর্থ মিনিটে গিলফি সিগার্ডসন বল পায়ে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন। তবে গোলরক্ষক রুই পাত্রিসিয়ার দারুণ নৈপুণ্যে রক্ষা পায় পর্তুগাল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে গুছিয়ে উঠে পর্তুগাল। ১৮তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে তারা। তবে ডি বক্সের বাইরে থেকে রাইট-ব্যাক আন্দ্রে ভিয়েইরার জোরালো শট দ্বিতীয় প্রচেষ্টায় ধরে ফেলেন আইসল্যান্ডের গোলরক্ষক।

৩০ মিনিটে ডান দিক থেকে মিডফিল্ডার আন্দ্রে গোমেসের বাড়ানো বল প্রথম শটেই জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড নানি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগিজরা।দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক পাল্টা আক্রমণে গোলটি শোধ করে লড়াই জমিয়ে তোলে প্রথমবারের মতো বড় কোনও প্রতিযোগিতায় খেলতে আসা আইসল্যান্ড। ডান দিক থেকে মিডফিল্ডার গুডমুন্ডসনের উঁচু করে বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন বিরকির বজারসন।

শেষ ১৫ মিনিটের প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল। কিন্তু আইসল্যান্ডের রক্ষণ আর গোলরক্ষক হানেস হয়ে ওঠেন দুর্ভেদ্য প্রাচীর। ৮৪তম মিনিটে রোনালদোর জোরালো হেড রুখে দিয়ে পর্তুগালকে হতাশায় ডোবান আইসল্যান্ডের গোলরক্ষক হানেস। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

/এমআর/