গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে ব্রাদার্স

ফেডারেশনশেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ওয়ালটন ফেডারেশন কাপে গ্রুপ সি'তে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় জয়লাভের ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাদার্স খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে। আর শেখ জামাল শেষ আটে খেলবে আরামবাগের বিপক্ষে।

গ্রুপ ম্যাচে উত্তর বারিধারাকে যথাক্রমে ৬-২ ও ১-০ ব্যবধানে হারিয়েছিল শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন। তাই সি গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা। বুধবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামে দুই দল। হারলেও বাদ পড়ার ভয় থেকে মুক্ত ছিল তাই দুই দল। এর প্রভাব পড়ে ম্যাচে। গোল করার জোর প্রচেষ্টা দেখা যায়নি কোনও দলের মাঝে।

প্রথমার্ধে কোনও উল্লেখযোগ্য আক্রমন ছিল না। বিরতির পর ৫৭ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলের পাসে মিডফিল্ডার কাওসার আলি রাব্বির বাম পায়ের শট ক্রসপিসের ওপর দিয়ে চলে যায়। তবে ৭০ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল, প্রায় ৩০ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে পরাস্ত করেন ডিফেন্ডার ইয়াসিন খান।

কিন্তু হঠাৎ করেই পরপর দুই মিনিটে দুটি গোল করে বসে ব্রাদার্স। ৮২ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের ফ্রি-কিক জামাল গোলরক্ষক মোশতাকের হাত ফসকে জালে জড়িয়ে যায়। পরের মিনিটেই বাপ্পি হাসান মুরাদের ক্রস পাঞ্চ করেন মোশতাক। বল এস পড়ে আনমার্কড অগাস্টিন ওয়ালসনের পায়ে, ঠাণ্ডা মাথায় বল পোস্টের ভেতরে পাঠিয়ে দেন হাইতিয়ান ফরোয়ার্ড।

হারটি অবশ্য 'আশীবার্দ' হতে পারে শেখ জামালের জন্য। কারণ তারা শেষ আটের লড়াইয়ে এড়াতে পারলো ঢাকা আবাহনীকে!



কোয়ার্টার ফাইনাল লাইন-আপ

১৭ জুন শুক্রবার- আরামবাগ - শেখ জামাল

১৮ জুন শনিবার- শেখ রাসেল - রহমতগঞ্জ

১৯ জুন রবিবার-: ব্রাদার্স ইউনিয়ন- ঢাকা আবাহনী

২০ জুন সোমবার- বিজেএমসি-মুক্তিযোদ্ধা

/আরএম/এমআর/