মেসি-হিগুয়েনদের ভয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র!

160618 ARG v VEN Messi goalকোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের ভয় পাচ্ছে না স্বাগতিক যুক্তরাষ্ট্র।
একমাত্র আর্জেন্টিনাই গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পায়। কোয়ার্টারসহ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠান মেসি-হিগুয়েইনরা। বিপরীতে দু’টি গোল হজম করেন গোলরক্ষক সার্জিও রোমেরো।

যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যান জানিয়েছেন, তারকা সমৃদ্ধ মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে ভয় পাচ্ছে না তার শিষ্যরা। দল ভালো ফুটবল প্রদর্শন করবে বলেই তার বিশ্বাস। ক্লিন্সম্যান বলেন, ‘এ ম্যাচে কীভাবে খেলতে হবে তা আমরা ভালো করেই জানি। আমাদের খুবই ভালো পরিকল্পনা রয়েছে। আমরা তাদের (আর্জেন্টিনা) নিয়ে মোটেই ভীত নই।’

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মাইকেল ব্র্যাডলির ভাষ্য, ‘মেসি হয়তো বিশ্বের সেরা খেলোয়াড়। তবে কোনও কিছুই অসম্ভব নয়। আমরা এটাকে মিশন ইম্পসিবল তৈরি করতে চাই না।’

/এমআর/