উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েলস। সোমবার তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে রাশিয়াকে। সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেয় গ্যারেথ বেলের দল।
দিনের অন্য ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এর ফলে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে রয় হজসনের দল।
এদিন খেলার ১১ মিনিটে অ্যারন রামসের গোলে এগিয়ে যায় ওয়েলস। জো অ্যালেনের দারুন একটা থ্রু থেকে দুর্দান্ত একটা ফিনিশ করেন রামসে। ওয়েলসের দ্বিতীয় গোলের উৎস গ্যারেথ বেল। খেলার ২০ মিনিটে বেলের দারুণ পাস থেকে দুর্দান্ত ফিনিশ করেন নিল টেলর।
৬৭ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন গ্যারেথ বেল। অ্যারন রামসের পাস থেকে গোল করেন তিনি। টুর্নামেন্টে এটি বেলের তৃতীয় গোল, ২০০৪ সালে মিলান বারোসের পর এই প্রথম কেউ ইউরোতে টানা তিন ম্যাচে গোল পেলেন। গোল্ডেন বুটের লড়াইয়েও এখন সবার চেয়ে এগিয়ে বেল।
/এমআর/