আবারও কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি চিলি

কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিলি। আগামী রবিবার ফ‌‌‌াইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। গতবার কোপার ফাইনালে আলবেসিলেস্তদের হারিয়ে শিরোপা উৎসব করেছিল তারা। এবারও ‌‌ফের মেসি-হিগুয়েনদের প্রতিপক্ষ হিসেবে পেল চিলিয়ানরা।dd

বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-০ হারিয়ে ফাইনালের উঠেছে চিলি। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ উড়িয়ে দিয়ে আগেই কোপার ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা।

কলম্বিয়া এদিন প্রথমার্ধে কিছু বুঝে ওঠার আগেই দুই গোল হজম করে বসে। মাত্র ৭ মিনিটের মাথায় চিলির মিডফিল্ডার আরানগুইজ চিলিকে এগিয়ে দেন। চার মিনিট বাদে আরেক মিডফিল্ডার ফুয়েনজালিদা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চিলি।

প্রথমার্ধের পর আকাশ ভেঙে নেমে আসে তুমুল বৃষ্টি। মাঠ পানিতে একাকার হয়ে যায়। শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। ফলে খেলা বন্ধ থাকে ৪৫ মিনিটেরও বেশি সময়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আরও বড় দুর্ভোগ নেমে আসে কলম্বিয়া শিবিরে। হালকা একটা ফাউলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কার্লোস সানচেজ। বাকিটা সময়ে দশজনের দল নিয়ে আর পেরে ওঠেনি তারা।

/এমআর/