তাসকিনের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আরাফাত সানি অবশ্য খুব বেশি ম্যাচ খেলেননি। ৪ ম্যাচে পেয়েছেন মাত্র ২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তারা। নিয়ম অনুযায়ী আবারও পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন সঠিক প্রমাণিত করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরতে পারবেন তারা।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি মিডিয়া কমিটি ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগেই তাসকিন ও আরাফাত সানিকে পরীক্ষাগারে পাঠানো হবে। বিসিবির শীর্ষ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী আগামী অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগেই তাদেরকে বোলিং অ্যাকশন পরীক্ষা হবে।
তিনি বলেন, ‘আরাফাত সানি ও তাসকিন আহমেদকে নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট কাজ করছে। তাদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ঢাকা প্রিমিয়ার লিগে তাদের বোলিং অ্যাকশনের ভিডিও কিছুদিনের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি ইতিবাচক কিছু পাওয়া যায় তাহলে বাংলাদেশের পরবর্তী সিরিজের আগেই তাদের দ্বিতীয়বার পরীক্ষার জন্যে পাঠানো হবে।’
প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। বিশ্বকাপ চলাকালীন তাদের অ্যাকশনের পরীক্ষা করানো হয়। শেষ পর্যন্ত আইসিসি তাদের দুজনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে। দেশে ফিরে দুজনই টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করেন।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড দলের। দুই ক্রিকেটারকে স্কোয়াডে পেতে হলে আগামী অক্টোবরেই তাদেরকে পরীক্ষাগারে পাঠাতে হবে। কারণ পরীক্ষার ফল পেতে কমপক্ষে দুই সপ্তাহ লাগে।
/আরআই/এমআর/