আবাহনীকে শিরোপা জেতাতে পেরে আনন্দিত লি টাক

আনন্দিত ‘ম্যান অব দ্য ফাইনাল’ ইংরেজ মিডল্ডিার লি টাক। আবাহনীকে ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপা জেতাতে পেরে খুবই আনন্দিত ‘ম্যান অব দ্য ফাইনাল’ ইংরেজ মিডফিল্ডার লি টাক।
সোমবার ফাইনাল শেষে লি টাক বলেন, ‘আমরা ভালো ফুটবল খেলেছি, আমাদের পরিকল্পনা ছিল বল নিয়ন্ত্রণে রেখে তারপর পথচলা। প্রচণ্ড গরম ছিল তাই আমরা তাড়াহুড়ো করে খেলিনি।’
শুরুতে গোল পাওয়াতেই দল চাঙা হয়ে উঠেছিল বলে মনে করেন লি টাক। তার মতে, ‘শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আমরা আরও চাঙা হয়ে উঠি তাই আরামবাগ আমাদের সঙ্গে পেরে উঠেনি। তবে তারা প্রচুর চেষ্টা করেছে। আমার মনে হয় গুণগত বিচারে আবাহনী শ্রেয়তর দল। আমরা মাঠে তা প্রমাণ করেছি।’

বাংলাদেশে প্রথম শিরোপা জয় সম্পর্কে লি টাক বলেন, ‘আমি বাংলাদেশে এসেছি ট্রফি জিততে, ছুটি কাটাতে নয়। প্রথম শিরোপা জিতে আমার খুবই ভালো লাগছে। স্বাধীনতা কাপের ফাইনালে হেরে গিয়েছিলাম। সে ম্যাচে আমি ছিলাম পরিশ্রান্ত। আজ আমি প্রচণ্ড খেটে খেলেছি আর এ সন্তুষ্টি আছে যে আমার দায়িত্ব আামি পালন করতে পেরেছি।’

লি টাক আরও যোগ করেন, ‘আজ আমি খেলাটা উপভোগও করেছি কারণ বাংলাদেশের সেরা খেলোয়াড়রা ছিল আমার পাশে। আমি আবাহনীকে ভালোবাসি। আমরা প্রতিদিন উন্নতি করছি। স্বাধীনতা কাপের ফাইনাল না জেতার দুঃখ মুছে গেছে। আমরা সামনে আরও ভালো খেলবো।’

এদিকে কোচ জর্জ কোটান বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার আমার খেলোয়াড়রা আমাকে আকাশে ছুড়লো। এটি আমার ভালো লেগেছে। আমি যেভাবে চেয়েছি, সেভাবেই দল খেলেছে। তবে আরও দুই-তিনটি গোলটি করা উচিত ছিল।’  

/আরএম/এফআইআর/