অলিম্পিক জিতে বিশ্বকাপের হতাশা ভুলতে চান নেইমার

hi-res-23244761b3a88adfda168d02044f4397_crop_northচোটের কারণে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার দু’বছর পরও সেই তিক্ত স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিঠে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও ঘিরে ধরেছিল ব্রাজিল অধিনায়ককে। তবে এখন নেইমারের চোখে একটাই স্বপ্ন, দেশের মাটিতে আসন্ন রিও অলিম্পিকের সোনা জেতা।

লা গেজ্জেত্তা দেলো স্পোর্টসকে নেইমার বলেন, ‘আমার ফুটবল জীবনে অনেক কঠিন মুহূর্ত এসেছে। কিন্তু ২০১৪ বিশ্বকাপে যা হয়েছিল তার চেয়ে ভয়ঙ্কর ও খারাপ স্মৃতি কিছু নেই। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছিল আমার শৈশবের স্বপ্ন। কিন্তু একটা চোটের কারণে নিমেষে তা শেষ হয়ে যায়। শুধু তাই নয়, ওই চোট আমাকে অকালে ফুটবল ছাড়ার দিকে ঠেলে দিতে পারত। প্রথমে তো আমার মনেই হচ্ছিল, আর কোনও দিন খেলতে পারব না! আমার কপাল ভালো যে, তেমনটা ঘটেনি।’

সেই হতাশা ভুলতে আসন্ন রিও গেমসে নেইমারের কাঁধে ভর করেই প্রথম অলিম্পিক সোনার জয়ের স্বপ্ন দেখছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বার্সেলোনার হয়ে দুরন্ত ফর্ম থাকা নেইমার নিজেও দারুণ প্রত্যয়ী। তিনি বলেন, ‘আমি অলিম্পিককে কোপা আমেরিকার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। অলিম্পিকে খেলব বলে কোপায় খেলিনি। রিও গেমসে ফুটবলের সোনা জিততে পারলে দারুণ ব্যাপার হবে। তাহলেই হয়তো বিশ্বকাপের হতাশা কিছুটা ঘুচবে।’

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার কামিলো জুনিগার হাঁটুর আঘাতে নেইমারের পিঠের হাড়ে চিড় ধরে। ফলে বাকি টুর্নামেন্টে আর খেলা হয়নি তার। নেইমারের অনুপস্থতিতে সেমিতে জার্মানির কাছে ৭ গোল হজম করে বিশ্বকাপ বিদায় নিয়েছিল স্বাগতিক ব্রাজিল।

/এমআর/