অধিনায়কের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে মিতুল হাসান বলেন ‘আমরা এবারের ফেডারেশন কাপ ফুটবলে ভালো খেলেছি। বিপিএল-এ আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আর বিপিএলকে সামনে রেখে আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। এছাড়া কোচের গেম প্ল্যান অনুযায়ী আমরা খেলতে চেষ্টা করবো। অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্য ঊনিশ-বিশ। তাই শিরোপার দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাবো।’
উল্লেখ্য, ফেডারেশন কাপে এবারের আসরে রানার্স-আপ হয় কোচ সাইফুল বারী টিটুর এই শিষ্যরা।
এদিন মিতুলের সঙ্গে সুর মেলান ম্যানেজার নেয়ামুল মজিদ জলিও। ফেডারেশন কাপ ফুটবলে তার দল যেভাবে খেলেছে ঠিক সেই খেলাটিই তারা খেলতে চান এবারের প্রিমিয়ার লিগে।
তবে দলটির সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন বললেন ভিন্ন কথা। গণমাধ্যম তার কাছে প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘আরামবাগ চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করেনি। আপনারা যদি বলেন আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছি, রানার্সআপ হয়েছি; তাই বলে প্রিমিয়ার ফুটবলেও চ্যাম্পিয়ন হবো এটা ঠিক নয়। আপনারা আরামবাগের শক্তিমত্তা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তবে চ্যাম্পিয়ন হতে নয় বরং মোটামুটি মানের একটি দল করেছে। আমাদের টার্গেট ভালো ফলাফল করা। তার মানে দ্বিতীয় বা তৃতীয় স্থান।’
/আরএম/এফআইআর/