পুরান ঢকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ঢাকার আরেক প্রান্তের ক্লাব উত্তর বারিধারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় দলের কাতারে না পড়লেও মোটিভেশনে মোটেও পিছিয়ে নেই। দুই দলেরই রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য। তারা কোনও দলকে ছেড়ে কথা বলতে নারাজ।
বাফুফে ভবনে আজ বিপিএল দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে রহমতগঞ্জ কোচ কামাল বাবু বলেন, আমি মনে করি বিপিএলে বিগত কয়েকটি আসরের চেয়ে এবার পরিপ্রেক্ষিত ভিন্ন। এবার কোনও দলই নির্দিষ্ট করে বলতে পারবে না, আমরা অমুক দলকে হারাবোই। তাই আমার মোটিভেশন হলো আমরাও চ্যাম্পিয়ন হতে পারি যদি সর্বশক্তি দিয়ে চেষ্টা করি। তবে আমাদের মতো দলের একটি সমস্যা হলো গুরুত্বপূর্ণ সময়ে আমরা রেফারির 'বেনিফিট অব ডাউট' এর বিপক্ষেই থাকিভ কিছু দল সবসময় আ্যাডভান্টেজ নেয়। অামি বলছি না আমাদের রেফারিরা খারাপ। তবে তাদের মধ্যে যথাযথ সমন্বয়ের অভাব রয়েছে।
রহমতগঞ্জ অধিনায়ক শওকত রাসেলের কণ্ঠেও কোচের সুর। তিনি বলেন, আমরা চিন্তার দিক থেকে পিছিয়ে থাকতে রাজি নই। টিমওয়ার্ক নির্ভর খেলে লড়বো শিরোপার জন্য।
উত্তর বারিধারা কোচ রাশেদ পাপ্পু বলেন, আমরা দুই মৌসুম আগে বিপিএলে এসেও টিকতে পারিনি। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সে জন্য জোর চেষ্টা করবো। ষষ্ঠ কিংবা সপ্তম স্থান আমাদের লক্ষ্য। বারিধারা অধিনায়ক সোহেল রানা বলেন, আমরা বিপিএলে এসেছি নিজেদের প্রতিষ্ঠিত করতে, হারিয়ে যেতে নয়।
/আরএম/এমআর/