বার্সার সহজ জয়

iমৌসুম শুরুর আগে প্রাক-প্রস্তুতি ম্যাচে সেল্টিককে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। তবে দল জিতলেও এদিন গোল পাননি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

অলিম্পিকের আসরে খেলতে যাওয়ার কারণে বার্সার এই দলে ছিলেন না ব্রাজিল দলপতি নেইমার। মেসি আর সুয়ারেজকে আক্রমণভাগে রেখে আরদা তুরান, মুনির আল হাদ্দাদিদের সুযোগ করে দেন বার্সা কোচ লুইস এনরিকে।

ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে লিড নেয় বার্সা। অ্যালেক্সি ভিদালের অ্যাসিস্ট থেকে কাতালানদের হয়ে প্রথম গোলটি করেন তুরান। ২৯ মিনিটের মাথায় সমতায় ফেরে স্কটিশ জায়ান্ট সেল্টিক। লেই গ্রিফিথসের গোলে ম্যাচে ফেরে দলটি (১-১)।

এর দুই মিনিট পর ম্যাচের ৩১ মিনিটের মাথায় সেল্টিকের ডিফেন্ডার অ্যামব্রোস নিজেদের জালে বল জড়ান। আত্মঘাতী গোলের সুবাদে ২-০ তে এগিয়ে যায় মেসি বাহিনী।

প্রথমার্ধের খেলা শেষের আগে গোল হয়েছে আরও একটি। বার্সার তরুণ তারকা মুনির আল হাদ্দাদি দলের হয়ে লিড বাড়িয়ে নেন। সুয়ারেজের অ্যাসিস্ট থেকে করা এই গোলের ফলে বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। আর এই স্কোরেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।

বার্সা নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি এবং লিভারপুলের বিপক্ষে।

/এমআর/