প্রথম দুই ম্যাচে বিপিএল-এ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত উত্তর বারিধারার কাছে ১-০, পরের ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরে চরম বিপদে আছে গতবারের রানার্স-আপরা। দুই ম্যাচে লিগের প্রতিটি দল অন্তত একটি পয়েন্ট পেলেও শেখ রাসেল এখনও পায়নি পয়েন্টের দেখা। কাল তারা যদি তৃতীয় পরাজয়ের মুখ দেখে তবে এটি হবে ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অঘটনের ধারাবাহিকতা!
তবে এ দুঃসময় কাটাতে বদ্ধপরিকর রাসেল কোচ মারুফুল হক। তার ভাষায়, ‘গত দুই ম্যাচে হেরেছি। তবে সেটা এখন অতীত। ওই দুই ম্যাচের কথা ভুলে গেছি আমরা। এই দুই হারেই আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও অনেক ম্যাচ খেলা বাকি আছে। কাল চট্টগ্রাম আবাহনী অনেক কঠিন প্রতিপক্ষ। তারা স্বাগতিকও বটে। কিন্তু আমরা ওসব না ভেবে শুধু নিজেদের খেলা নিয়েই ভাবছি। ম্যাচে ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু এবং আরেক ফরোয়ার্ড শাখাওয়াত রনিকে খেলানোর সম্ভাবনা আছে। দুই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছি আমরা। কাল সেটা চাই না।’
প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে ঢাকা মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম আশাবাদী তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। শেখ রাসেল প্রতিপক্ষ হিসেবে অবশ্যই শক্তিশালী। যেকোনও সময় তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। গত ম্যাচে দর্শকদের সমাগম বেশ ভালো ছিল। আশা করি এই ম্যাচেও তাই হবে। দর্শক আসলে আমরা ভালো খেলতে উজ্জীবিত হই। আশা করি আমরা তাদের হতাশ করবো না। চট্টগ্রাম আবাহনী জয় নিয়েই মাঠ ছাড়বে।’
/আরএম/এফআইআর/