শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়িার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে চট্টগ্রাম আবাহনী। আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নিল বিগ বাজেটের দল শেখ রাসেল। ব্যর্থতার বৃত্তেই আটকে রইলো তারা।
চমৎকার সূচনা বলতে যা বোঝায় তাই পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। খেলার তিন মিনিটে তারা পেয়ে যায় গোলের দেখা। ডান প্রান্ত দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে রাসেল রক্ষণভাগে ঢুকে পড়েন রুবেল মিয়া। করেন মাপা একটি ক্রস। রাসেল গোলরক্ষক লিটন বল পাঞ্চ করলেও তা বিপদমুক্ত হয়নি। বল এসে পড়ে বক্সের মাঝামাঝি ফাঁকায় দাড়ানো ফরোয়ার্ড মো. ইবরাহিমের পায়ে। ঠাণ্ডা মাথায় তিনি বল পোস্টের ভেতরে ঠেলে দেন।
মিডফিল্ডার জামাল ভুঁইয়ার ৪৩ মিনিটের গোলে খেলায় ফিরে আসে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে কর্নার করেছিলেন মোনায়েম খান রাজু। এটিতে হেড করেন জামাল ভূঁইয়া। তাতে মাথা ছোঁয়ান ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জুলিয়াস ইকাঙ্গা। গোলরক্ষক অাশরাফুল ইসলাম রানা বল পাঞ্চ করলে আবারও বল পেয়ে যান জামাল। বাম পায়ের গ্রাউন্ডারে বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর আধিপত্য থাকলেও রাসেল টানা তৃতীয় পরাজয় এড়ানোর জন্য বেছে নেয় রক্ষনাত্মক কৌশল। লক্ষ্য ছিল অন্তত একটি পয়েন্ট অর্জন করা। কিন্তু তাদের সে প্রত্যাশা পুরণ হয়নি। ৮৯ মিনিটে লিওনেল প্রিউক্স একক প্রচেষ্টায় করেন চট্টগ্রাম আবাহনীর জয়সূচক গোলটি।
তিন ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট সাত, আর তিন ম্যাচে কোনও পয়েন্ট নেই রাসেলের।
/আরএম/এমআর/