দুর্দান্ত জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নিজেদের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ইউনাইটেডের হয়ে গোল করেছেন মাতা, রুনি ও ইব্রাহিমোভিচ। এ জয়ে প্রিমিয়ার লিগে ভালো সূচনা করলেন দলটির নতুন কোচ হোসে মরিনহো।
খেলার ৪০ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বোর্নমাউথের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোল করেন মাতা।
খেলার ৫৯ মিনিটে মৌসুমের প্রথম ম্যাচে গোলের দেখা পান ওয়েন রুনি।ভ্যালেন্সিয়ার ক্রস থেকে মার্শালের ব্যর্থ ভলিতে বল পেয়ে যান ওয়েইন রুনি। হেড থেকে গোল করে ম্যান ইউনাইটেডকে ২-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক রুনি। এ গোলের মধ্যে দিয়ে ইপিএল-এ সবচেয়ে বেশি অ্যাওয়ে গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। আর একটি গোল করলে তিনি ছাড়িয়ে যাবেন অ্যালান শিয়ারের ৮৭ গোলের রেকর্ড।
৬৪ মিনিটে ২৫ গজ দূর থেকে মাটি কামড়ানো শটে বোর্নমাউথ গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে ইব্রাহিমোভিচ। খেলার ৭০ মিনিটে একটি গোল শোধ করেন বোর্নমাউথ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
/এমআর/