বৃহস্পতিবার চুক্তি সই করবেন সেইন্টফিট

IMG_2450দুই সপ্তাহ ছুটি কাটানোর পর আজ বুধবার সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট। বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেইন্টফিট বলেন, 'বাংলাদেশে ফিরে এসে আমি আনন্দিত। কাল বাফুফের সঙ্গে চুক্তি সই করবো। আমার পল স্মলির (বাফুফের নবনিযুক্ত টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর) সঙ্গে কথা হয়েছে। আমরা দুজনই বাংলাদেশেল ফুটবল উন্নয়নে কাজ করে যাবো।'

নিজের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সেইন্টফিট বলেন, 'বাংলাদেশের ফুটবলে জড়িত হওয়ার পর প্রায় দেড় মাস হতে চললো। চট্টগ্রামে ১২টি ম্যাচ দেখার পর মোটামুটি ধারণা হয়েছে আমার। শুক্রবার ৩২ জনের দল ঘোষণা করবো। রবিবার থেকে পুরোদমে অনুশীলন। এরপর এটি নামিয়ে আনা হবে ২৩ জনে। আমি নিয়মিত সাইফুল বারি টিটুর সঙ্গে যোগাযোগ রেখেছি।'

দলের খেলোয়াড়দের সম্পর্কে কোচ বলেন, 'এ মুহূর্তে নতুন কোনও খেলোয়াড় ক্যাম্পে অন্তর্ভুক্ত হবে না। তবে যদি কেউ ক্যাম্পে প্রত্যাশা পুর্ণ করতে পারে তবে হয়তো নতুন কেউ আসতে পারে। কিছু নতুন খেলোয়াড় চোখে পড়েছে আমার। তবে তারা এ মুহূর্তে দলে আসবে না। এ মুহূর্তে আমার ও আমার সহকারীদের একমাত্র লক্ষ্য হলো ভুটানের বিপক্ষে জয়।'

তবে ভুটানকে 'আন্ডার এস্টিমেট' করতে সাবধান করেছেন সেইন্টফিট। তার মতে, 'এটি আমাদের স্বীকার করতে হবে ভুটান এখন বাংলাদেশের বিপদজনক প্রতিপক্ষ। শেষ দুটি ম্যাচে তারা মালদ্বীপ ও ভারতের কাছে ৪-২ ও ৪-৩ গোলে হেরেছে। তাদের রয়েছে চেমচো ও দর্জির মতো বিপদজনক খেলোয়াড়। আমাদের অতি আত্মবিশ্বাসী হলে চলবে না। প্রতিপক্ষকে সম্মান করেই মাঠে নামতে হবে, জিততে হবে যোগ্যতা দিয়ে। আমার আসল মিশন এখন শুরু। আমি কাল থেকে আরও ছয়টি ম্যাচ দেখবো আর তৈরি করবো আমার ছক।'

/আরএম/এমআর/