এএফসি কাপে খেলতে শুক্রবার ভুটান যাচ্ছে শেখ রাসেল

শুক্রবার ভুটান যাচ্ছে শেখ রাসেলহতাশা আর ব্যর্থতার বৃত্তে বন্দি থেকেই কাল শুক্রবার এএফসি কাপ বাছাই পর্বের প্লে-অফ খেলার জন্য ভুটানের উদ্দেশে পাড়ি জমাবে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ভুটানের রাজধানী থিম্পুতে খেলার আগে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি রাসেল কোচ মারুফুল হক বা টিম ম্যানেজমেন্টের কেউই! তাই জানা যায়নি তাদের কী প্রত্যাশা। এ অবস্থায় তিনজন খেলোয়াড়কে ধার নিয়েছে তারা; শেখ জামালের ডিফেন্ডার ইয়াসিন খান, ঢাকা আবাহনীর ফরোয়ার্ড জুয়েল রানা ও চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নাসিরুদ্দিন চৌধুরীকে দলে ভিড়িয়েছে তারা।

এএফসি কাপের বাছাইপর্বের প্লে-অফে গ্রুপ রয়েছে তিনটি এবং শেখ রাসেল রয়েছে গ্রুপ সি’তে। তিনটি দলের এই গ্রপের অন্য দলগুলো হলো চাইনিজ তাইপির এফসি টারটনস ও ভুটানের এফসি তাতুঙ। শেখ রাসেল ২৩ আগস্ট তাতুঙের সঙ্গে ও ২৫ আগস্ট টারটনসের সঙ্গে খেলবে।

এখানে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নরা পরবর্তীতে বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এএফসি কাপ এশিয়ান ফুটবল কনফেডারেশনের দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্ট। মোট ৪০টি ক্লাব নিয়ে হবে মূল পর্বের গ্রুপের খেলা।

/আরএম/এফআইআর/