পাঁচবার বিশ্বকাপ জিতলেও এখনও অলিম্পিকের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সেলেকাওদের। তবে, জার্মানি একবার স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে। ১৯৭৬ সালে মন্ট্রিলে পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলা পশ্চিম জার্মানি।
অলিম্পিকে ৫ ম্যাচে ২১টি গোল করে ফাইনালে উঠেছে জার্মানি। গোল হজম করেছে ৫টি। অন্যদিকে, ব্রাজিল শুরুটা বাজেভাবে করলেও ধীরে ধীরে নিজেদের ফিরে পেয়েছে। পাঁচটি ম্যাচে করেছে ১২টি গোল। কিন্তু একটিও হজম করতে হয়নি তাদের।
তবে মাচটি শুধু অলিম্পিকের ফাইনালই নয়। প্রতিপক্ষ জার্মানি বলেই ব্রাজিলিয়ানরা নিশ্চিতভাবে নিতে চাইবে প্রতিশোধ। জার্মানির বিপক্ষে ২০১৪ এর বিশ্বমঞ্চে ঘরের মাঠে সেমিফাইনালে ৭-১ গোলের দুঃসহ স্মৃতি ব্রাজিলিয়ানদের বুকে এখনও টাটকা। তাইতো দগদগে ক্ষতে প্রলেপ দিতে আর ব্রাজিলের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জিতে ইতিহাস গড়তে চাইবনে নেইমার-জিসাসরা।
তবে ব্রাজিলের কোচ রোজারিও মিকালে যদিও এটাকে প্রতিশোধের ম্যাচ হিসেবে মানতে নারাজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিকালে বলেন, ‘ওটা ছিল বিশ্বকাপ। এটা অলিম্পিক দল। নেইমার ওই ম্যাচে খেলেনি। কাজেই প্রতিশোধ মনে হওয়ার কোনও কারণ নেই। এটা ভিন্ন সময়, ভিন্ন বয়সের সব খেলোয়াড়।’
অন্যদিকে জার্মানির কোচ হোস্ট হুবেশ ব্রাজিলকে রীতিমতো হুমকি দিয়েই রেখেছেন। তিনি বলেন, 'আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, শুধুমাত্র নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা নিজেদের সেরাটা ঢেলে দিয়েই প্রতিপক্ষের জালে ২১ বার বল জড়িয়েছে। তাই উল্টো প্রশ্ন রাখতেই হচ্ছে- ব্রাজিল আমাদের কিভাবে থামাবে?'
শেষ পর্যন্ত কে জিতবে রিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে সোনা? ব্রাজিল না জার্মানি? জবাব মিলবে আজ রাতে।
/এমআর/