পদত্যাগ করেছেন মারুফুল হক

মারুফুল হকবাংলাদেশ প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি হার ও এএফসি কাপের প্লে-অফ বাছাইপর্বের গণ্ডি পার না হওয়ার ব্যর্থতায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হকের সামনে পদত্যাগ কার ছাড়া আর কোনও গতি ছিল না। শেষ পর্যন্ত তাই করেছেন তিনি। শুক্রবার রাতে মারুফ তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের কাছে।

পদত্যাগ প্রসঙ্গে মারুফ বলেন, 'আমি ব্যর্থ হয়েছি এটিই আমি বলতেই পারি। দলকে মোটিভেট করতে পারিনি। দল তার যোগ্যতা অনুয়ায়ী খেলতে পারেনি। কোচ হিসেবে এ দায় আমাকেই নিতে হবে।'

তবে এর বাইরে আর কোনও কারণ আছে কিনা সে প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি মারুফ। ২০১২-১৩ মৌসুমে শেখ রাসেলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ নিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতানো এই কোচ বলেন, 'দলে ইনজুরি ছিল আর কিছু আমি বলতে চাই না। একজন কোচের জীবনে এ রকম উত্থান পতন থাকেই।'

আগামী ৩ সেপ্টেম্বর হজ করার জন্য দেশ ছাড়ছেন তিনি।

শেখ রাসেলের দায়িত্ব নিচ্ছেন আরেক অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিক। আসন্ন ঈদের আগে আর মাঠে গড়াচ্ছেনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে দুই একদিনের মধ্যেই দায়িত্ব নেবেন তিনি।

/আরএম/এমআর/